টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া বেতবাগানে একটি চিতাবাঘের দেখা মিলেছে। গতকাল শনিবার বিকেলে চিতাবাঘটিকে বাগানের ভেতর একটি সরু রাস্তায় বসে থাকা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ওই চিতাবাঘের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে।
হতেয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কিছুদিন যাবৎ এলাকার অনেকেই বেতবাগানে এ চিতাবাঘ দেখছে। প্রথমে বিশ্বাস না হলেও ওই চিতাবাঘের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক এড়াতে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
হতেয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, উপজেলার হতেয়া এলাকায় চিতাবাঘের বিচরণ প্রায় তিন মাসের। এলাকার জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। বেতবাগানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, বিকেলে কিছু শ্রমিক বেতবাগানে গেলে চিতাবাঘটি দেখতে পায়। ভয়ে তারা বাগান থেকে বের হয়ে আসে। এ নিয়ে এলাকার মানুষ ভয়ে আছে। স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, বেতবাগানে চিতাবাঘের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।