রংপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতদিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জের খারুভাজ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন। 

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতদিনের এক নবজাতকসহ তিনজন নিহত হন।

নিহতরা হলেন, নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাতদিনের নবজাতক শিশু। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসার পথে সলেয়াশা বাজারের কাছে অপর দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ দেশ রূপান্তরকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন। 

এর আগে, রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।