বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
তিনি বলেন, বিএনপি নামক একটা দল ছিল, তারা ক্ষমতায়ও ছিল- মানুষের জন্য তাদের কোন ভাবনা নাই। করোনার মধ্যে ও নদী ভাঙন দেখতে বিএনপির কোন নেতা সাহায্য নিয়ে আসেনি। তাদের ভাবনা হচ্ছে কিভাবে ক্ষমতায় যাবে। তারা ভোট হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা ভোটে না গিয়ে নির্বাচন প্রতিহত করতে চায়।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কাচিকাটা ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা, ঢেউটিন ও চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বিএনপি ২০০৮ সালে নির্বাচনে হেরেছে। ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। তারা আগুন সন্ত্রাস করে। বাস, ট্রাক, ট্রেন ও মানুষ পুড়িয়েছে। ২০১৮ সালে তারেক জিয়া বিদেশে থেকে মনোনয়ন বাণিজ্য করেছে। এরপর ভোট আসলে ক্যান্ডিডেট মাঠে নামে না। এই হইল বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সঙ্গে আর নেই। ওরা ক্ষমতায় থাকলে হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ান হয়েছে। তাই সারাদেশে স্লোগান ওঠে মা আর পুতে মিইল্লা, দেশটারে খাইল গিইল্লা।
তিনি আরও বলেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা হচ্ছে বাংলাদেশের মানুষকে নিয়ে। তিনি ভাবেন কিভাবে দেশের মানুষ ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে ও তাদের কষ্ট লাঘব হয়। শেখ হাসিনা সততায়, দক্ষতায় সেরা, অভিজ্ঞতায়, মেধায় সেরাদের সেরা। প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর বীর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার সঙ্গে কারও তুলনা নাই। তিনি পদ্মা সেতু করেছেন, মেঘনা সেতুও করবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবেন। আমাদের আরও সুযোগ হবে এলাকার জন্য কিছু করতে। প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, কাচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যা এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ জনকে শাড়ি-লুঙ্গি, ২০০টি পরিবারকে ৩০ কেজি করে চাল, ২৫টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।