বিতর্ক আর উর্বশী যেন সমার্থক। কিছুদিন আগে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পান্তকে 'ছোট ভাই' সম্বোধন করেছিলেন 'হেট স্টোরি ৪'-এর এই অভিনেত্রী। দাবি করেছিলেন, তার জন্য অপেক্ষায় ছিলেন ঋষভ। ঋষভ নাকি তাকে বহুবার ফোন করে দেখা করারও অনুরোধ জানান।
তার পরই অভিনেত্রীর ভক্তরা পাকিস্তানের উঠতি বোলার নাসিম শাহের প্রতি উর্বশীর 'অনুরাগের' ইঙ্গিত দিয়ে একটি ভিডিও বানান। সেই ভিডিওটি পরে উর্বশী নিজে শেয়ার করেন।
সাংবাদিকরা নাসিমকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি হেসে বলেন, 'কে উর্বশী, তা-ই তো আমি জানি না। আমি জানিও না লোকজন কেন এমন ভিডিও বানাচ্ছে।' সঙ্গে এই পাকিস্তানি বোলারের সংযোজন, 'আমি আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই।' সেই সঙ্গে এ-ও জানালেন, উর্বশী রওতেলাকে চেনেন না তিনি।
পাকিস্তানি ক্রিকেটারের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরেই সোশাল মিডিয়ায় উর্বশীকে নিয়ে হাসি-তামাশা করতে শুরু হয়। তাকে নিয়ে তৈরি হতে থাকে মিম, জোকস।
উর্বশী আগে দাবি করেছিলেন, ঋষভ তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তার আরো দাবি ছিল, তিনি বারানসিতে একটি সিনেমার শুটিং করে দিল্লি পৌঁছলে ঋষভ নাকি তার সঙ্গে দেখা করতে হোটেলের লবিতে পৌঁছে যান। কিন্তু অভিনেত্রী ঘুমিয়ে পড়ায় ঋষভের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি বলে দাবি করেছিলেন তিনি। ঋষভ অবশ্য, এমন দাবি নস্যাৎ করে জানিয়েছিলেন, নাম এবং খ্যাতির জন্য মানুষ কতটা তৃষ্ণার্ত হতে পারে, এ ঘটনা তারই প্রমাণ।
এশিয়া কাপে ভারত-পাক ক্রিকেট মহারণেও গ্যালারিতে দেখা গিয়েছিল উর্বশীকে। নাসিমকে নিয়ে উর্বশীর এই 'মাতামাতি'কে ভালো চোখে নেয়নি তার ভক্তদের একাংশ। এ নিয়ে তারা উর্বশীর সমালোচনা করেন। সস্তা প্রচার পাওয়ার জন্যই উর্বশী এমন করছেন বলে দাবি তাদের। সূত্র : পিঙ্কভিলা