জুন মাসে জামাল ভূইয়াদের জালে ৪ গোল দিয়েছিল মালয়েশিয়া। নয় দিন পর সাবিনা খাতুনরা সেই মালয়েশিয়ার নারী দলের বিপক্ষে জয় পান ৬-০ গোলে। বাংলাদেশ ওই সিরিজ জিতেছে ১-০ তে। এমন আনন্দের সময়ে শোকে ভেসেছিলেন সেই দলের একজন সদস্য। তিনি ঋতুপর্ণা চাকমা। বাড়িতে ছুটি কাটানোর সময় হারিয়েছিলেন ছোট ভাইটিকে।
গতকাল শনিবার সেই ঋতু পাকিস্তানের জালে বল জড়িয়ে অকালে প্রয়াত হওয়া অনুজটিকে উৎসর্গ করলেন সেই গোল। গত ২৯ জুন ঋতুপর্ণার ১৭ বছর বয়সী ছোট ভাই পার্বন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার মোগাছড়ি গ্রামে কলেজ থেকে ফিরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এখন নেপালের কাঠমান্ডুতে জাতীয় দলের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছেন ঋতু। শনিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেছেন তিনি। বক্সের বাইরে থেকে দর্শণীয় শটে করা গোলটি ঋতুপর্ণা উৎসর্গ করেছেন তার অকাল প্রয়াত ছোট ভাই পার্বন চাকমাকে।
কাঠমান্ডু থেকে এক ভিডিওবার্তায় ঋতুপর্ণা চাকমা বলেছেন, ‘ইচ্ছা ছিল আমি যদি মাঠে নামি এবং আমি যদি একটা গোল করি তাহলে ভাইয়ের জন্য সেই গোলটা উৎসর্গ করবো। ম্যাচে সেটাই হয়েছে।’
ভারতের বিপক্ষে পরের ম্যাচ প্রসঙ্গে ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি যে ফাইনালে যাব। আসরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে খেলাটা খেলেছি, ওই খেলাটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে ভারতের বিপক্ষেও অবশ্যই জয় নিয়ে ফিরবো।’