কুবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।  

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মকছেদুর রহমানকে আহ্বায়ক করে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড.জি.এম মনিরুজ্জামানকে সদস্য করে কমিটি করা হয়।

কমিটির সদস্য সচিব প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিক বলেন, আমরা বিভিন্ন ফুটেজ এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করবো। অতি দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্ত কমিটির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল যেন না হয় সেজন্য আজই তদন্ত কমিটি করে দিয়েছি। এ কমিটি সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।