বেতনবিহীন পাঁচ বছর

খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন

পাঁচ বছর ধরে বেতনভাতা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট (প্রথম পর্যায়) প্রকল্পের ১৩ কর্মচারী। গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি রাবার বাগান ইউনিট কার্যালয়ের সামনে দু’ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বেতনবঞ্চিতরা।

কর্মচারীরা বলেন, বছরের পর বছর ধরে তারা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। খুব শীঘ্র কর্তৃপক্ষ আশু পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি হাতে নেবেন।

রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা জানিয়েছেন, রাবার কষ আহরণ বন্ধ হয়ে যাওয়ায় বেতনভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি তিনি উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।