খালেদা জিয়াকে বিদেশ যেতে দিতে অনুরোধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ আবেদন করেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন।

আবেদনের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘চিঠিটি রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। শামীম এস্কান্দার স্বাক্ষরিত এই চিঠি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস। আব্দুস সাত্তার আমাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার বিষয়টি জানিয়েছেন।’

এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।’

চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। দুই বছর দেড় মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।