রকি হত্যা মামলার ২ আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান।

পুলিশ সুপার বলেন, গত শনিবার সন্ধ্যায় এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে রকিকে গুলি করে হত্যা করে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ রকি হত্যায় জড়িতদের ধরতে মাঠে নামে। হত্যায় অংশগ্রহণ করা রাকিব শেখ ও ইয়ামীন আলীকে পুলিশ গ্রেপ্তার করে।

একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাকিব শেখ চরখানাপুর গ্রামের নাজিমউদ্দীন শেখের ছেলে আর ইয়ামীন আলী কুষ্টিয়া সদর থানার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ সুপার আরও বলেন, কিছুদিন আগে খানাখানাপুর এলাকায় নিহত রকি গ্রুপের সাথে রাকিব গ্রুপের মারামারি হয়। সেই মারামারিতে দুই পক্ষই মামলা করে।

সম্প্রতি মারামারির মামলায় রকি জেল থেকে জামিনে বের হন। মূলত পূর্ব বিরোধকে কেন্দ্র করেই রকিকে হত্যা করা হয়।

প্রেস কনফারেন্স আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মইন উদ্দিন চৌধুরী। জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে রকিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের ঘটনায় রকির বাবা বাদী হয়ে রবিবার ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।