নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাও

অব্যাহত গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগ এবং গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করেছে সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী। এ সময় তারা গ্যাস অফিসের প্রধান গেটে মানববন্ধন করেন। 

সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে চাষাড়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গত প্রায় ১ মাস ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকে না। এ নিয়ে বিভিন্ন এলাকাবাসী তিতাস গ্যাস কার্যালয়ে এসে অভিযোগ করেও কোন ফল পায়নি। গ্যাস দিতে না পারলে গ্যাস বিল মওকুফ করার দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, নিয়মিত বিল নিচ্ছে তিতাস। বিল কয়েক দফা বাড়ানো হয়েছে তবুও গ্যাস থাকছে না। রান্নার চুলায় গ্যাস না থাকায় রান্না করা যাচ্ছে না। বাইরে থেকে খাবার কেনার বাড়তি চাপ নিতে হচ্ছে। আগে রাতে গ্যাস পাওয়া গেলেও এখন তা পাওয়া যাচ্ছে না। গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু বলেন, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বিশুদ্ধ পানি নাই। শুধু নাই আর নাইয়ের মধ্যে আমরা নারায়ণগঞ্জবাসী বসবাস করি। আর মূল্য বৃদ্ধি তো আছেই, এটা তো সবাই আমরা জানি। সরিষায় ভূত, বেড়ায় ক্ষেত খায়’ আপনারা সবাই এই প্রবাদ শুনেছেন।

‘এই তিতাস গ্যাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের অ্যাকাউন্ট সিস করা হোক। ওদের বাড়ি-ঘর কোথায় আছে তদন্ত করা হোক। ওরা বউয়ের নামে, শাশুড়ির নামে বাড়ি-ঘর কিনে। এরপর হেবা করে আবার তার বউয়ের নামে নিয়ে নেয়। এই চুরি বন্ধ করতে হবে।’