নতুন সিনেমার খবর দিলেন জ্যোতিকা জ্যোতি

গতকাল রবিবার ছিল ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতির জন্মদিন। আর এই দিনেই নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী।

জানালেন, পরিচালক সাইফুল ইসলাম মান্নুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। আজ সোমবার তিনি বলেন, 'সাইফুল ইসলাম মান্নুর একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এটা আমার উপহার। অসাধারণ গল্প ও চিত্রনাট্যের এ চলচ্চিত্রটি আমার জন্মদিনের উপহার হয়ে আসায় আমি সত্যিই খুশি।'

তবে সিনেমার নাম বা গল্পের বিষয়ে কোনো আভাস দেননি অভিনেত্রী। বলেন, 'আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র। আমার বাকিসব চলচ্চিত্রের মতো এটিও আপনাদের পছন্দ ও প্রশংসা পাবে বলে আমার বিশ্বাস। শিগগিরই বিস্তারিত জানাব।'

জন্মদিন নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, 'আমার জন্মদিনে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা শুভেচ্ছা জানিয়েছেন, যারা সামনে এসে হাজির হলেন, যারা শুভেচ্ছা জানাতে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদের সবার জন্য অফুরান ভালোবাসা। ছোট্ট জীবনে এ অনেক বড় প্রাপ্তি। আমায় আশীর্বাদে রাখবেন।'

জ্যোতিকা জ্যোতির সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'লাল মোরগের ঝুঁটি'। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। তার হাতে রয়েছে 'অন্ত্যেষ্টিক্রিয়া' নামে আরো একটি চলচ্চিত্র।