৫ দিন পর মিনহাজের লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলামের লাশ পাঁচ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১২ আগস্ট) বিকেলে দাইনুর সীমান্তের ৩১৪/৭ সাব পিলারের কাছে গেট দিয়ে মিনহাজের লাশ ফেরত দেওয়া হয়।

এ সময় বিজিবি খানপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আনিসুর রহমান, ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আবু বকর ছিদ্দিক, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, সদস্য মাজেদুর রহমান, শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর আলম, দুলাভাই আজগার আলী, বিজিবি দাইনুর সীমান্ত ফাঁড়ির সদস্য, ভারতের ভাদড়া হরিপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা ঈসা, গঙ্গারামপুর থানার পুলিশের এসআই পল্লব কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলেই নিহতের লাশ বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি শুরু হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে, সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক সীমারেখা ৩১৪/৭ সাব পিলারে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফের ওই পতাকা বৈঠকের পর স্কুলছাত্র মিনহাজুল ইসলামের লাশ ফেরত দিতে রাজি হয় বিএসএফ।