সুইডেনে জয়ের পথে উগ্র ডানপন্থিরা

সুইডেনের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে রক্ষণশীল দলগুলোর জোট। গত রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে উগ্র ডানপন্থিদের উত্থানের সুবাদে ক্ষমতাসীনদের চেয়ে তারা সামান্য ব্যবধানে এগিয়ে আছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ৯৩ শতাংশ নির্বাচনী এলাকার ভোটগণনা শেষে মডারেটস, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেলস পার্লামেন্টে ৩৪৯ আসনের ১৭৬টিতে জয় পেতে যাচ্ছে। আর ১৭৩টি আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থিরা। তবে ভোটের ফলাফল এখনো পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন রক্ষণশীল জোটের নেতৃত্বে থাকা মডারেটস নেতা উলফ ক্রিস্টারসন। তিনি জানান, নতুন ও শক্তিশালী সরকার গঠনে প্রস্তুত আছেন।

অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস আট বছর ধরে ক্ষমতায় রয়েছে। অ্যান্ডারসন জানান, ফলাফলের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ভোটের রাতে তিনি পরাজয়ও স্বীকার করেননি।