কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের দাম ১০ টাকা বেশি, কারণ জানেন না মুখপাত্র

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে আন্ত ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিক্রয় মূল্য ৯৬ টাকার বদলে ১০৬ টাকা ১৫ পয়সা করা হয়েছে আর ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা। 

তবে এটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি। ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করে, সেটিকে আন্তব্যাংক দাম বলা হচ্ছে।

এত দিন কেন্দ্রীয় ব্যাংক যে দামে ডলার কেনাবেচা করত, সেটি আন্তব্যাংক দর হিসেবে উল্লেখ করা হতো। সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক।

কিন্তু মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ করে এ দামে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। সোমবার (১২ সেপ্টেম্বর) ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়।

কিন্তু, মঙ্গলবার ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা। তবে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে চার কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। যোগান ও চাহিদা এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) দামের ভিত্তিতে ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করবে, সেটিই হবে আন্তব্যাংক দাম। সেটাই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এই দামে বিক্রি করবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘ডলারের দাম গতকাল বাড়িয়ে ৯৬ টাকা করা হয়েছে। আজও এই দামে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে। তবে ওয়েবসাইটে কেন ডলারের দাম এত বেশি দেখানো হচ্ছে, তা এখনো জানতে পারিনি।’