মুম্বাইতে পদোন্নতি হচ্ছে জয়াবর্ধনে ও জহির খানের

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। লংকান এই কিংবদন্তীকে দেওয়া হচ্ছে আরও বড় দায়িত্ব। আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।

রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএল ছাড়াও বিশ্বের আরও দুটি লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছে রিলায়ান্স। একটি সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে, আরেকটি দক্ষিণ আফ্রিকার লিগে।

জয়াববর্ধনে মুম্বাইয়ের সবগুলো দলের হেড কোচদের দেখভাল করবেন। কিংবদন্তি এই লংকানের পদটির নাম ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’। পদোন্নতি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের আরেক ক্রিকেট পরিচালক জহির খানেরও।

ভারতের সাবেক পেসার ছিলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর। এখন জহিরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড হিসেবে। এই পদে থেকে মুম্বাইয়ের মালিকানাধীন দলগুলোর জন্য স্কাউটিং এবং প্রতিভা অন্বেষণের কাজ করবেন জহির।