ক্রিকেটারেদের কাছে শ্রীরামের চাওয়া পরিস্থিতি অনুযায়ী দলে প্রভাব রাখা(ভিডিও)

এশিয়া কাপ শুরুর দিন দুয়েক আগেই ঢাকায় পা রেখেছিলেন টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। পরে টুর্নামেন্টে শেষে গত ১০ সেপ্টেম্বর ফিরেন বাংলাদেশে। তাই ক্রিকেটারদের পরখ করতে পেরেছেন অল্পই। তবে যতটুকু পেয়েছেন তাতে শান্তকে মনে ধরেছে তার। টি-টোয়েন্টিতে বর্তমান চাহিদা হলো দলের প্রয়োজনের সময় প্রভাব রাখার মতো কিছু করা। যা শান্তর মাঝে খুঁজে পেয়েছেন তিনি। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের মাঝে খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ছায়া।

আজ বুধবার বিশ্বকাপ দল নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে আসেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম। সেখানে তিনি জানান, ক্রিকেটারদের কাছে তার চাওয়া পরিস্থিতি অনুযায়ী দলে প্রয়োজনীয় প্রভাব রাখা। বাংলাদেশ দলের ৭-৮ জন ব্যাটার এমন প্রভাব রাখলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন তিনি।

এ বিষয়ে শ্রীরাম বলেন, ‘আমি এখন পারফরম্যান্স খুঁজছি না। আমি যেটা খুঁজছি, সেটা হলো ইমপ্যাক্ট (প্রভাব)। বাংলাদেশ যেমন দল, তাতে ৭-৮ জন ইমপ্যাক্ট ফেলতে পারলেও জিতে যাবে। একজন ব্যাটার ১৭-১৮ বলে ২৫-৩০ রান করতে পারলে সেটিই আমার জন্য ইমপ্যাক্ট।’

তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে এশিয়া কাপে রিয়াদ আউট হওয়ার পর মোসাদ্দেক যেভাবে হাসারাঙ্গার ওভারে চড়াও হয়ে ১২ রান নিলো, সেটি হলো ইমপ্যাক্ট। তাই দল হিসেবে আমাদের এমন খেলোয়াড় খুঁজতে হবে যারা ম্যাচে ইমপ্যাক্ট রাখবে।’

এখন পারফরম্যান্সের গুরুত্ব কম জানিয়ে শ্রীরাম বলেন, ‘এখন পারফরম্যান্স খুঁজে লাভ নেই। আমার মতে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ওভাররেটেড বিষয়। নিয়মিত পারফর্ম করেও সবসময় ম্যাচ জেতা যায় না। কিন্তু যত বেশি খেলোয়াড় ম্যাচে ইমপ্যাক্ট রাখবে, ম্যাচ জেতার সুযোগ বেড়ে যাবে।’

শান্তকে ঠিক তেমন ম্যাচের প্রয়োজনে প্রভাব রাখার মতো খেলোয়াড় মনে হওয়ার কারণেই মূলত বিশ্বকাপে নেওয়া হয়েছে বলে জানান ভারতীয় এই কোচ। তিনি বলেছেন, ‘আমি মনে করি শান্ত অনেক ভালো ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। আমি অল্পবিস্তর যা ব্যাটিং করতে দেখেছি; তাতে আমার মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে। বাউন্সি উইকেটে খেলার মতো সামর্থ্য ওর রয়েছে। কারণ সে হরিজন্টাল শট খেলতে পারে। তাই আমার মনে হয়, আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে।’

মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ উঠতেই শ্রীরাম তার মাঝে ভারতের কিংবদন্তী ফিনিশার ধোনির ছায়া খুঁজে পান বলে জানান। শ্রীরাম বলেন, ‘ক্রিকেট দল হিসেবে আমাদের একটা জিনিস করতে হবে। সেটা হলো সিনিয়র ক্রিকেটারদের বিকল্প তৈরি করা। আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। মাহমুদউল্লাহ দলে যে ধরনের রোল প্লে করে, তাতে আমি সবসময় তাকে ধোনির মতো দেখি । সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য ম্যাচ শেষ করে আসে।’

ধোনির মতো ক্রিকেটারেরও বাদ পড়তে হয়েছে। মাহমুদউল্লাহরও বাদ পড়াটা যৌক্তিক বলেও বুঝিয়ে দিয়ে শ্রীরাম যোগ করেন, ‘আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন পরিকল্পনায় প্রয়োজন হবে পরেরজনকে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’