মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় চারজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় চারজন নিহত হয়েছেন। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি লরিকে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে সড়কের এক পাশে দুই গাড়ির চালক ও হেলপারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাইওয়ে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সবাইকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।