বগুড়ার ধুনট উপজেলায় সুলতান আলী (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুলতান স্থানীয় কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামি।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।
ধুনট থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যার দিকে বাড়ির অদূরে জলাশয়ের ভেতর কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায়। এ সময় দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে কোপাতে থাকে। একপর্যায়ে সুলতান আলী মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়ে। স্থানীয়রা মাছ শিকার করতে গিয়ে ঘটনাটি বুজতে পেরে পুলিশকে খবর দেয়।পরে রাত ৮টার দিকে ধুনট থানা-পুলিশ নিহত সুলতান লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সুলতান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এলাকায় মাদক দ্রব্য ব্যবসার প্রতিবাদ করে ছিল একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কৃষক রজনু মিয়া। প্রতিবাদ করায় সুলতান ও তার সহযোগীদের মাদক কারবারের বাধা দেওয়ায় ২০২০ সালের ৩১ জানুয়ারি রনজু মিয়া বাড়ির অদূরে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল। এদিন রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা জমির ভেতর রনজুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্বজনরা রনজুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টায় তার মৃত্যু হয়। ওই মামলার প্রধান আসামি সুলতান আলী।
বুধবার রাতে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখন জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তকরণে ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।