বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টির পানিতে উপকূলীয় বাগেরহাটের পাঁচ উপজেলায় আট হাজার মাছের ঘের ভেসে গেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি টাকা।
বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
গত পাঁচ দিনের বৃষ্টি ও উচ্চ জোয়ারের পানিতে জেলার মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার আট হাজার মাছের ঘের পানিতে ভেসে গেছে। ফলে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
তবে চিংড়ি রপ্তানি আয়ে প্রভাব পড়বে না বলে দাবি করছে মৎস্য বিভাগ।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) এ এস এম রাসেল বলেন, মাছের ঘের ভেসে চাষিদের ছয় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করেছি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা মৎস্য বিভাগের।
কিছুদিন আগে বাগেরহাটের মাছ চাষিরা তীব্র খরায় ক্ষতির মুখে পড়েছিল। বারবার এই জেলার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ক্ষতি কাটিয়ে উঠতে জেলার মাছ চাষিদের নানা পরামর্শ দিয়ে আসছে। তারপরেও চলতি অর্থ বছরে চিংড়ির রপ্তানি আয়ে তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেন এই মৎস্য কর্মকর্তা।