জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়াচ্ছে আগামী ১০ অক্টোবর থেকে। এবারের আসরে প্রতিটি দলে একজন সাবেক ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হবে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। তাদের কাজ হবে নির্বাচক ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে টেকনিক্যাল বিষয় সমন্বয় করা।
বিসিবি কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির সভায় এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এসময় ম্যাচ ফিতে বড় পরিবর্তন আনার প্রস্তাবও দেওয়া হয়।
ম্যাচ ফিতে যে বড় পরিবর্তন আসছে, আগেই জানা গিয়েছিল। পয়েন্ট টেবিলে দলের অবস্থান অনুযায়ী ম্যাচ ফি পাবে দলগুলো। চ্যাম্পিয়ন দলের ম্যাচ ফি সর্বোচ্চ ১ লাখ টাকা। আট নম্বরে থাকা দলের খেলোয়াড়েরা পাবেন ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ লাখ থেকে ৩০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। রানার্সআপ দলের প্রাইজমানি ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা। প্রথম স্তরে উন্নীত দলের প্রাইজমানি ৫ লাখ টাকার জায়গায় ৭ লাখ হয়েছে। প্রথম স্তরে ম্যাচসেরা পাবেন ২৫ হাজারের জায়গায় ৩০ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরের ম্যাচসেরার আর্থিক পুরষ্কার ২০ হাজার থেকে ২৫ হাজার করা হয়েছে।
ডিউক বলে হতে যাওয়া এনসিএলে এবার অন্তত দুটি ভেন্যুর উইকেটের ঘাস ৬ মিলিমিটার থেকে ৮ মিলিমিটার করার প্রস্তাব টেকনিক্যাল কমিটির। এনসিএলের প্রথম রাউন্ড হবে মিরপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায়। এরই মধ্যে ফিটনেস অনুশীলন শুরু করা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা ২৫ ও ২৬ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর স্কিল ক্যাম্প শেষে খেলা মাঠে গড়াবে ১০ অক্টোবর, শেষ ১৭ নভেম্বর।