'হঠাৎ করে বাবার শুটিং ফ্লোরে যাওয়া আমার সবচেয়ে প্রিয় কাজ'

বাবা যেমন, ছেলে তেমন। বাবাকে দেখেই যেন জীবনের প্রত্যেকটা দিকে এগিয়ে যাওয়া। বাবাই আদর্শ। হ্যাঁ, ঠিক এমনটাই মনে করেন অভিষেক বচ্চন। তাই তো সময় বদলে গেলেও, কিছু জিনিস একেবারেই এক থাকে। চেহারা বদলে গেলেও, অনেক কিছুই বদলায় না। জুনিয়ার বচ্চন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন এক ছবি পোস্ট করে এটাই যেন প্রমাণ করলেন।

অভিষেক বচ্চন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেছেন। একটি সাদা-কালো ও আরেকটি রঙিন। একটি ছোটবেলার ও আরেকটি সাম্প্রতিক। দুটি ছবিতেই ফুটে উঠেছে বাবা-ছেলের দারুণ রসায়ন। এই ছবি পোস্ট করে ক্যাপশনে অভিষেক লিখলেন, 'কিছু জিনিস কখনোই বদলে যায় না। শুধুমাত্র উচ্চতা, দাড়ি ছাড়া। হঠাৎ করে বাবার শুটিং ফ্লোরে যাওয়াটা আমার সবচেয়ে প্রিয় কাজ।'

কয়েক মাস আগে অভিষেকের 'দশভি' ছবির ট্রেলার দেখে অমিতাভ বচ্চন সোশাল মিডিয়ায় লেখেন, 'অভিষেক, তুমি আমার উত্তরাধিকারী।' বিগ বি জানিয়ে ছিলেন, তার প্রতিভা ও দক্ষতার যোগ্য উত্তরাধিকার পেয়েছেন ছেলে অভিষেকই।

অভিষেক বরাবরই বলিউডে আন্ডাররেটেড। বক্স অফিসে সব সময় হয়তো জনপ্রিয়তা পায়নি সব ছবি। তবু তার অভিনীত অধিকাংশ ছবিই প্রশংসা কুড়িয়েছে। সিরিয়াস চরিত্র হোক কিংবা কমেডি, সবেতেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু তবু বলিউডে শক্ত জমি আজো পাননি তিনি। এর মধ্যে ওয়েব দুনিয়াতেও পা রেখেছেন অভিষেক। কাজ করেছেন 'ব্রেথ' সিরিজে। সেখানে খল চরিত্রে সকলের মন জেতেন তিনি। 'দশভি' ছবিতেও প্রশংসিত হয় অভিষেকের কাজ। সূত্র : পিঙ্কভিলা