রাজধানীর পল্টনে হকার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে।
আহত কমলা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে যান খাবার খেতে। তখন হকাররা সেখানে বসে খাবার খাচ্ছিলেন। তাদের দ্রুত খাবার খেয়ে সেখান থেকে উঠে যেতে বলেন তারা। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, তারপর হাতাহাতির ঘটনা ঘটে।
আহত হকার আদিজ মিয়ার অভিযোগ, এক রিকশার যাত্রীর কাছ থেকে তারা দশ টাকা দাবি করেন। রিকশা আরোহী ভাংতি টাকা না থাকায় একশ টাকার নোট দিয়ে ৯০ টাকা ফেরত চান। কিন্তু তারা পুরো টাকাই নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে আদিজকে মারধর করতে থাকে তৃতীয় লিঙ্গের গ্রুপটি। এসময় আশপাশে থাকা অন্য হকাররা এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তৃতীয় লিঙ্গের চারজন ও দুজন হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।
পল্টন থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া দেশ রপান্তরকে বলেন, আমি একজন আহত হওয়ার খবর শুনেছি। একজন হকার এসেছেন লিখিত অভিযোগ করতে। দুইপক্ষের লোকজনের সঙ্গে কথা বলার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।