যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগ পেয়ে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হককে খাগড়াছড়ির মহালছড়ির ষষ্ঠ এপিবিএনে বদলি করা হয়েছে।
আগামী সোমবারের মধ্যে তাকে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে। ব্যর্থ হলে স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য করা হবে।
গত ১৩ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলিসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত সোমবার দেশ রূপান্তরের শেষ পাতায় ‘এএসপির বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হক ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।
তিনি টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট অব স্টাফ অফিসার হিসেবে কর্মরত।
পুলিশের এই কর্মকর্তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের জারজিস আলী মধুর ছেলে।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আদালত থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা এখনো তিনি পাননি বলে জানান।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রুবেল হককে বদলি করা হয়েছে।