‘চাঁদার টোকেন’ না থাকায় অটোরিকশায় অগ্নিসংযোগ

রাঙ্গামাটিতে মাসিক চাঁদার টোকেন না থাকায় পাহাড়ের একটি আঞ্চলিক দলের সন্ত্রাসীরা সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আসামবস্তি-কাপ্তাই সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে সাড়ে ১১টার দিকে গিয়ে অটোরিকশার আগুন নেভাতে সক্ষম হই। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর কাপ্তাই ৭ আরই ব্যাটালিয়নের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

পুড়ে যাওয়া অটোরিকশাটির চালক রাঙ্গামাটির তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চার থেকে পাঁচজনের জেএসএস সদস্য গাড়ি থামিয়ে “মাসিক টোকেন” আছে কি না জিজ্ঞেস করে। টোকেন না থাকায় তারা আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি-মিনতি করি। তাদের এক হাজার টাকা দিতে চাইলেও তারা তা না নিয়ে অটোরিকশাটিতে অগ্নিসংযোগ করে চলে যায়। দুজন যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাচ্ছিলাম।’

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, সন্ত্রাসীরা এ পথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। আসামবস্তি-কাপ্তাই সড়কে বতর্মানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, কয়েক দিন আগে এই রাস্তায় ছয়জন অটোরিকশাচালককে জিম্মি করেছিল সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার জন্য এমন কাজ করে থাকতে পারে।’