সিরাজগঞ্জে পারিবারিক আদালতে প্রথম স্ত্রীর করা মামলায় বাদী সেজে স্বামীর জামিন করাতে এসে ধরা পড়ায় আদালত দ্বিতীয় স্ত্রী রুখসানা আক্তারকে জেলহাজতে প্রেরণ করেছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার দুপুরে তা জানাজানি হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
রুখসানা আক্তারের বিরুদ্ধে সিরাজগঞ্জ পারিবারিক আদালতের বেঞ্চ সহকারী সাব্বির হোসেন বাদী হয়ে ওই দিনই সিরাজগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা করলে একই দিন তাকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে ওই আদালতের বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং ওই আইনজীবীর নাম-পরিচয়ও প্রকাশ করেনি আদালত।
গ্রেপ্তার রুখসানা আক্তার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
সিরাজগঞ্জ পারিবারিক আদালতের বেঞ্চ সহকারী সাব্বির হোসেন জানান, কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের জহিরুল ইসলাম তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে রুখসানা আক্তারকে বিয়ে করেন। এ ঘটনায় দেনমোহর ও খোরপোষ দাবি করে প্রথম স্ত্রী রুবিনা খাতুন আদালতে একটি মামলা করেন। ওই মামলায় জহিরুল ইসলাম বর্তমানে জেলহাজতে।