মাদারীপুরে চিফ হুইপ

শেখ হাসিনার বিকল্প কে তা এখন কেউ ভাবতেও পারে না

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, করোনার যে সময় পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী কারও সঙ্গে দেখা পর্যন্ত করেননি, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী দেশের বাজেট পাস করেছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দুইবার বাজেট পাস করেছেন। তিনি বঙ্গবন্ধুকন্যা। তার কোনো বিকল্প নেই। বাংলাদেশে তার সঙ্গে প্রতিযোগিতায় আসার মতো কোনো লোকের নাম কেউ আর এখন বলতে পারবে না। শেখ হাসিনার বিকল্প কে, এটা এখন আর কেউ ভাবতেও পারে না।

গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, ‘আমাদের আগামী প্রজন্মের জন্য শেখ হাসিনাকে দরকার। অবশ্যই আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।