মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমিরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে দিঘলিয়া ইউনিয়নের নাছরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। ধর্ষণের ঘটনার আলামত হিসেবে তাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। সে পাশের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
রূপগঞ্জে কারখানার শ্রমিককে ধর্ষণ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সী একটি কারখানার শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার পর গতকাল শুক্রবার সোনারগাঁ থেকে মনির হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শ্রমিক স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করে। ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় মনির হোসেন জোর করে তাকে তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মনিরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হচ্ছে।