চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ব্যাপারী বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন আহত দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- হোসেনপুর গ্রামের মুনশি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের ওমর ফারুকের ছেলে লিটন হোসেন। এ ছাড়া মো. দেলোয়ার হোসেন (৫০), মো. আক্কাস (৪৫), মো. আবুল কাশেম (৩৫) ও সোহাগ মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে ১৪ জন কাঠমিস্ত্রি ও শ্রমিক হোসেনপুর গ্রামের কাজ করছিলেন। দুপুরের দিকে তারা স্থানীয় মুনশি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরোনো ঘর ভেঙে ব্যাপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিল। এ সময় একটি টিনের চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্টে ৬জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ ও লিটন হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা ঘর সরানোর কাজ করছিলাম। ঘরের চালা নেওয়ার সময় হঠাৎ করে চালের টিন বিদ্যুতের তারের সঙ্গে লাগে। তারপর কি হয়েছে তা মনে নেই।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মধ্যে হাসপাতালে আনার আগে ঘটনাস্থলেই ২ জন মারা যান। বাকি আহত ৪জনকে আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিই।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক মো. রোকন উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ জনের মৃতদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।