দেশের প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া গান গণমানুষের কাছে পৌঁছে দিতে বেঙ্গল মিডিয়া করপোরেশনের (আরটিভি) আয়োজন ‘ফোক স্টেশন’। প্রচারের পর থেকে আরটিভির এ অনুষ্ঠান তুমুল জনপ্রিয়তা পাওয়ায় একে একে চারটি সিজন নির্মাণ করা হয়। অন্যান্য কম্পোজারদের সঙ্গে মিলে ‘ফোক স্টেশন’ রিয়েলিটি শো’র গানগুলোর মিউজিক রি-অ্যারেঞ্জ করার দায়িত্ব দেওয়া হয়েছিল সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত জে কে মজলিশকে। কিন্তু, গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে আরটিভি।
অভিযোগ সূত্রে জানা গেছে, জে কে মজলিশ অর্থের বিনিময়ে পুরনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-অ্যারেঞ্জ করলেও তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’-এর প্রায় আড়াইশো গানের স্বত্ব তার নিজের বলে দাবি করে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ ও প্রচার করছেন।
বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) প্রযোজিত আরটিভির শো ‘ফোক স্টেশন’-এ ওয়ার্ক ফর হায়ার বেসিস কাজ করেও জে কে মজলিস সেই গানগুলো বিভিন্ন বিদেশি অনলাইন প্লাটফর্মে নিজের নামে প্রচার করছেন। সরাসরি বাংলাদেশ থেকে এর সহযোগিতা করছে ‘গান বক্স’ নামে একটি প্রতিষ্ঠান; যারা বিভিন্ন ধরনের গান শিল্পী ও কম্পোজারদের কাছ থেকে সংগ্রহ করে বিদেশি অনলাইন প্লাটফর্মে প্রচার করে থাকে। এরই মধ্যে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ‘গান বাক্স’ যে ঠিকানা ব্যবহার করছে সেটি ভুয়া।
জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে জে কে মজলিশের সঙ্গে কথা বলা হয়। তিনি অর্থের বিনিময়ে ওয়ার্ক ফর হায়ার বেসিস মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন, এ বিষয়টি তাকে বোঝানো হয়। তবুও তিনি তার মতো করেই প্রচার চালাতে থাকেন, যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় আরটিভি কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অন্য দুই আসামি হলেন জুয়েল ডি কস্তা ও গান বক্স মিউজিকের স্বত্বাধিকারী।
প্রসঙ্গত, জে কে মজলিশ যে অনলাইন প্লাটফর্মগুলোতে আরটিভির কপিরাইটকৃত গানগুলো প্রচার করেছে, সেগুলো হলো— স্পটিফাই, অ্যাপেল মিউজিক, প্রাইম মিউজিক, জিও সেভেন, ডেজার, ইউটিউব মিউজিক ও স্টার আই টিউনসসহ আরও বেশ কয়েকটি প্লাটফর্ম। কপিরাইটের এই বিষয়টি নজরে আসে ফুগা নামের একটি (এমসিএন) প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানটি আরটিভি ইউটিউব চ্যানেলের দুই শতাধিক গানে কপিরাইট ক্লেইম করে। যেখানে দাবি করা হয়েছে; আরটিভি ‘ফোক স্টেশন’-এর গানগুলোর সুর স্বত্ব জে কে মজলিশের নামে, আসলে তা নয়।