ব্যক্তি শ্রেণির আয়করদাতা যারা প্রথমবারের মতো রিটার্ন জমা দেবেন তাদের আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করদাতাদের জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমার প্রস্তাব করেছে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
প্রতিবছর বিদ্যমান আয়করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ১ জুলাই শুরু হয় এবং শেষ হয় ৩০ নভেম্বর।
গত বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে আয়কর বিধানের বিস্তারিত ব্যাখ্যা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কর কর্মকর্তারা জানান, নতুন করদাতাদের জন্য চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর।
চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক হিসাব খোলা, চলমান রাখা এবং ইউটিলিটি পরিষেবাসহ প্রায় ৪০ ধরনের পরিষেবা পাওয়ার জন্য আয়কর রিটার্ন স্লিপ জমা বাধ্যতামূলক করেছে এনবিআর।
একজন ঊর্ধ্বতন কর কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক করদাতাকে করের আওতায় আনার জন্য এ আর্থিক ব্যবস্থাটি সরকারের জন্য একটি আশীর্বাদ হবে।
বর্তমানে, ৭৮ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মধ্যে আয়কর রিটার্ন জমা দেন মাত্র ২৪ লাখ। যদিও এনবিআর সমস্ত টিআইএন-ধারকের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। তবে অনেকেই গত কয়েক বছরে আইনটি এড়িয়ে গেছেন।
চলতি অর্থবছর থেকে টিআইএনধারীরা তাদের আয়কর রিটার্ন স্লিপ জমা না দিয়ে প্রয়োজনীয় পরিষেবা পেতে সক্ষম হবেন না বলে জানান ওই কর কর্মকর্তা।