এশিয়া কাপটা দুর্দান্ত কেটেছে ভিরাট কোহলির। প্রথম ম্যাচ থেকে ছন্দে থাকা ব্যাটে শেষ ম্যাচে এসেছে সেঞ্চুরি। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। আফগানিস্তানের বিপেক্ষ সেই ম্যাচের পর থেকে কোহলিকে উদ্বোধনী ব্যাটার হিসেবে দেখতে চেয়েছেন অনেকে। সেক্ষেত্রে নিচে নামতে হবে ভারতের সহ-অধিনায়ক কেএল রাহুলকে। তবে তার ব্যাটিং অর্ডারে পরিবর্তনের প্রয়োজন দেখছেন না সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভির।
স্টার স্পোর্টসের সঙ্গে এক অনুষ্ঠানে আলাপচারিতায় এ বিষয়ে মত দিয়েছেন গাম্ভির। তার মতে ব্যক্তির চেয়ে ভারত দলের উন্নতি নিয়ে ভাবা উচিৎ সবার।
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ব্যাটিংয়ে নেমেছিলেন কোহলি। সেখানে ৬১ বলে ১২২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে নিজের চিরচেনা ফর্ম খুঁজে পান। তাছাড়া টুর্নামেন্টে পাঁচ ইনিংসের ২৬.৪০ গড়ে রাহুল করেছেন মাত্র ১৩২ রান। তারপর থেকেই কেএল রাহুলের পরিবর্তে ভিরাটকে ওপেনিংয়ে নামানোর দাবি উঠেছে একাধিকবার। তবে গাম্ভির মনে করে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে রাহুলই ফিট আছে।
এ বিষয়য়ে গাম্ভির বলেন, ‘যে মুহূর্তে কেউ খুব ভাল করতে শুরু করে, তখনই আমরা তার খারাপ সময়ে যারা ভালো করেছে তাদের অবদান ভুলে যাই। এটা ভারতে অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। উদাহরণ হিসেবে বলেন, কোহলি যখনই সেঞ্চুরি করলো, আমরা তখনই ভুলে যেতে শুরু করি যে রোহিত ও রাহুল দীর্ঘ সময় দলে কতটা অবদান রেখেছে।’
ব্যাটারদের দুশ্চিন্তামুক্ত করে স্বাধীনভাবে খেলতে উচিত বলে মনে করেন গাম্ভির। তিনি বলেন, ‘আপনি যখন কোহলিকে ওপেনিংয়ে নিয়ে আসবেন, রাহুলের মনের অবস্থা তখন কি হবে একটু চিন্তা করুন। সে কতটা নিরাপত্তাহীনতায় ভুগবে। একবার কল্পনা করুন তো বিশ্বকাপে রাহুল খেলতে যাচ্ছে আর ভাবছে, সে যদি রান না করে তাহলে তার জায়গা হারাতে হবে। এটা তার মানসিক অস্বস্তি বাড়াবে, যাতে ক্ষতিগ্রস্ত হবে দল। ব্যক্তির চেয়ে ভারত কিভাবে উন্নতি করতে পারে তা নিয়ে আমাদের ভাবা শুরু করা উচিত।