দুবাই যাচ্ছেন না সাকিব, নেতৃত্ব দেবেন সোহান

বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে সংযুক্ত আমিরাত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে অনুশীলন ক্যাম্প করার পাশাপাশি দুই ম্যাচের একটি সিরিজও খেলবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশে বিমানের ফ্লাইটে দুবাই উড়াল দেবে টাইগাররা।

দুবাইয়ে ছয় দিন অবস্থান করবেন সোহানরা। সেখানে স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ ছাড়াও কয়েকটি প্র্যাকটিস সেশন হবে দুবাইতে। তবে সেখানে টিম টাইগার্সরা পাচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানকে। তাই দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে নিজের ভাবনা বিনিময়ের সুযোগ হচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আমিরাতের সঙ্গে ম্যাচ দুটিতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ছেন, ‘সাকিব সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও অনুশীলনে দলের সঙ্গে থাকবে না। সে আগেই ছুটি নিয়ে রেখেছে। তাই সে একেবারে নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের সঙ্গে মিলিত হবে।’

দুবাই পর্বে দলের সঙ্গে থাকবেন না নির্বাচকদেরও কেউ। এমনিতে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হবেন প্রধান নির্বাচক মিনহাজুল অবেদিন নান্নু। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে দেখা যাবে তাকে। তবে তিনি দুবাই যাবেন না।

এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা (নির্বাচকরা) কেউ আর দুবাই যাব না। আমি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকব।’

আগেই জানা গিয়েছিল ২৭ সেপ্টেম্বর আরব আমিরাতের সঙ্গে শেষ ম্যাচ খেলে ২৮ তারিখেই দেশে ফিরে আসবে জাতীয় দল। এরপর আবার ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা।