ফেসবুকে অভিমানী স্ট্যাটাস, অতঃপর...

যশোরের ঝিকরগাছায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে আত্মহত্যা করেছেন বিএম আকাশ বিশ্বাস (২৫) নামে এক যুবক। মৃত্যুর কিছুক্ষণ আগে তার ফেসবুক স্ট্যাটাস থেকে স্বজনরা বুঝতে পারেন তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটে রবিবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা শহরের রাজাপট্টি নামক স্থানে। 
নিহত আকাশ বিশ্বাস নড়াইল জেলার কালিয়া থানাধীন বড়দিয়া-পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে। 

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানান, রবিবার বিকেল ৩টার দিকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি চলন্ত ট্রাকের সাথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটান ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আকাশ বিশ্বাস শনিবার ঝিকরগাছা পৌর এলাকার কৃষ্ণনগর কাটাখাল শান্তিপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে ছিলেন। তার ভগ্নিপতি আব্দুর রহিম জানান, নিহত আকাশ সম্প্রতি বিয়ে করলেও এখনো নববধূ ঘরে তোলা হয়নি। সে (আকাশ) বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার হিসাবে কর্মরত। 

ভগ্নিপতি আব্দুর রহিম আরো জানান, মৃত্যুর আধাঘণ্টা আগে আকাশ তার ফেসবুক আইডিতে তার পিতার ওপর অভিমান করে একটি স্ট্যাটাস দেন। কিন্তু তারা কেউ ভাবতে পারেননি সে এভাবে অঘটন ঘটিয়ে বসবে।

ফেসবুকে স্ট্যাটাসে সে (আকাশ) উল্লেখ করে, 'কি আব্বু বলেছিলাম না এমন কাজ করোনা ছেলেকে হারিয়ে ফেলবে, আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে, তোমরা তোমাদের সম্মান নিয়ে ভালো থেকো। রেগুলার মরে যাওয়ার থেকে একবারই মরে যাওয়া অনেক ভালো।... আমার একটা রিকোয়েস্ট রাখলে আজ আমি বেচে থাকতাম।'