বাংলাদেশের জ্যোতির্ময় জয়

আয়ারল্যান্ডকে নিয়েই একটু ভয় ছিল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে শুরুর ম্যাচে ওই ভয় খুব সহজেই কাটিয়েছে বাংলাদেশ নারী দল। কাল আবুধাবিতে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতিরা। অধিনায়ক জ্যোতি ৫৩ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। হাফসেঞ্চুরির ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয়।

কাল ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল নারীদের। ২৮ রানে ওপেনার মুর্শিদা খাতুন ১৬ বলে ৩ চারে ১৬ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে দাঁড়িয়ে যায়। অন্য ওপেনার শামীমা সুলতানা ও নিগার সুলতানা শক্ত রানের দিকে নিতে থাকেন দলকে। দুজনে পরের ১০ ওভারের মতো খেলে গড়েন ৬২ রানের জুটি। শামীমা ৪০ বলে ৭ চারে ৪৮ বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে এ জুটি থামে। অন্যপ্রান্তে শামীমা দ্রুত রান তুলছিলেন বলে ধরে খেলেন অধিনায়ক নিগার সুলতানা। শামীমা আউট হওয়ার সময় তার রান ছিল ৩২ বলে তিন চারে ২২। পরের ২১ বলে ৪৫ রান তোলেন জ্যোতি। শেষ তিন ওভারে ৩৯ রান ওঠে বাংলাদেশের বোর্ডে, যার ৩৫-ই আসে জ্যোতির ব্যাট থেকে। ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে দলীয় ইনিংস শেষ করেন অধিনায়ক।

শক্ত লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ৫ রানে ২ উইকেট হারায়। পরে ধীরে এগিয়ে লরা ডেলানির ২৮ ও এমি হান্টারের ৩৩ রানে ১৬ ওভারে ৫ উইকেটে ৯৯-এ পৌঁছে যায় আইরিশ নারীরা। ততক্ষণ পর্যন্ত জয়ের একটা ক্ষীণ সম্ভাবনা ছিল তাদের। পরের চার ওভারে দ্রুত গুটিয়ে যায় দলটি। ইমার রিচার্ডসন ৪০ রানে একপ্রান্ত আগলে রাখলেও শেষ চার ওভারে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। সালমা খাতুন চার ওভারে ১৯ রানে ৩, নাহিদা আকতার ২৬ রানে ২ ও ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা বাঁহাতি মিডিয়াম পেসার সানজিদা আকতার মেঘলা নেন ২৬ রানে ২ উইকেট। বাকি ৩ উইকেট রান আউটে কাটা পড়ে। এ জয়ে পূর্ণ ২ পয়েন্ট পেলেও ‘এ’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ড নারী দল যুক্তরাষ্ট্র নারী দলকে ৭৯ রানের বড় ব্যাবধানে হারিয়ে রানরেটে এগিয়ে আছে। তাদের রানরেট ৩.৮৫, বাংলাদেশের ০.৭০।