আ.লীগ নেতা হত্যা

প্রধান আসামির গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

পাবনায় পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকান্ডের প্রধান আসামি হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথাসহ সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন পাবনা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল রবিবার দুপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুন নেতাকর্মীদের নিয়ে স্মারকলিপি দেন।

এ সময় বক্তারা বলেন, কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও প্রধান আসামি আলাউদ্দিন এখনো অধরা। এই হত্যাকান্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

পাবনার পুলিশ সুপার আকবর আলি মুন্সী বলেন, সাইদার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। হত্যায় ব্যবহৃত পিস্তল ও ছুরি উদ্ধার হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া নজুর মোড়ের চায়ের দোকানে সাইদার রহমানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।