রংপুরে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া (২৫) নামে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ অগ্রণী ব্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শামীম রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ এলাকার আমজাদ হোসেনের ছেলে।
ব্যাংকটির ব্যবস্থাপক আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, শামীম ১৭ মাস ধরে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে চাকরি করছেন। দশ দিন আগে তার বিয়ে হয়েছে। গতকাল রবিবার সকালে শাখার লোকজন ব্যাংকে এসে ডাকাডাকির পরও কোনো সাড়া না দেওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তালা ভেঙে দেখা যায়, শামীম মারা গেছেন। তবে ব্যাংকের টাকা কিংবা অন্য কিছু লোপাট হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এ ঘটনায় সকাল থেকে ওই ব্যাংকে গ্রাহকসেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি হোসেন আলী জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন না এলে বলা যাবে না।