৪৮ তলা ভবন ডিঙাতে এক ঘণ্টা

কর্র্তৃপক্ষের অনুমতি এবং কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মাত্র ৬০ মিনিট বা এক ঘণ্টায় ৪৮তলা একটি ভবন বেয়ে সেটির ছাদে উঠে তাক লাগিয়ে দিয়েছেন ‘ফ্রান্সের স্পাইডারম্যান’ হিসেবে পরিচিতি পাওয়া অ্যালাই রোবেয়া। গতকাল রবিবার নিজের ৬০তম জন্মদিন উদযাপন করতে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ৬০তম জন্মদিনে কোনো দড়ি বা অন্য কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার না করেই প্যারিসের ট্যুর টোটাল এনার্জিস নামের ভবনটির ছাদে উঠে যান তিনি।

ভবনটিতে ওঠার আগে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমতি না নেওয়া ও কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার না করায় ছাদে ওঠার পরই তাকে গ্রেপ্তার করে প্যারিস পুলিশ।

ভবনটির ছাদে ওঠার পর রয়টার্সকে তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের ৬০তম জন্মদিনে আমি এ ভবনটি বেয়ে উঠব। কারণ ফ্রান্সের প্রচলিত সংস্কৃতিতে ৬০ বছর বয়সকে অবসর গ্রহণের বয়স বলে বিবেচনা করা হয়।

‘কিন্তু আমি এই ধারণার সঙ্গে একমত নই এবং এ কাজের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে ৬০ বছরেই নিজেকে বুড়ো মনে করার কোনো কারণই নেই। আপনি চাইলে ৬০ বা তার বেশি বছর বয়সেও সক্রিয় থাকতে পারেন, খেলাধুলা করতে পারেন, দারুণ সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।’

রোবেয়ার ওই ভবনে আরোহণের পেছনে আরও একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো বৈশি^ক উষ্ণতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।

বিশে^র উঁচু উঁচু ভবনে বেয়ে আরোহণের জন্য তার রয়েছে। দুবাইয়ে বিশে^র সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা বেয়েও উঠেছিলেন তিনি। ভবনে ওঠার সময়ে কোনো ধরনের সুরক্ষাসমাগ্রী ব্যবহার না করায় ইতিমধ্যে তিনি ‘ফরাসি স্পাইডারম্যান’ নামে পরিচিতিও পেয়েছেন।

সাধারণত রোবেয়া কোনো ধরনের পূর্বঘোষণা বা অনুমতি ছাড়াই ভবনগুলোর দেয়াল বেয়ে উঠে থাকেন। এ কারণে এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি।