প্রতিমন্ত্রীর ভাগ্নির তালায় অবরুদ্ধ সহকারী রেজিস্ট্রার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কক্ষ বরাদ্দকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলনকে অবরুদ্ধ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা। দোলা স্থানীয় সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বোনের মেয়ে। গতকাল রবিবার সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন প্রতিদিনের মতো রবিবার সকালে নিজ দপ্তরে কাজ করছিলেন। সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা দপ্তরের সামনে এসে তাকে (দোলন) বের হয়ে যেতে বলেন। কিন্তু তিনি বাইরে না এলে দোলা আকস্মিক কক্ষের দরজা বন্ধ করে ছিটকিনি আটকে দেন। এতে দোলন পৌনে দু’ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে রেজিস্ট্রার কার্যালয়ের সহায়তায় বেলা ১১টার দিকে তিনি মুক্ত হন।

সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন বলেন, ‘সোয়া ৯টার দিকে সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা এসে বলেন, আপনাকে বলেছি না, আপনি এ রুমে বসবেন না। তারপরও বসেছেন কেন? আপনি এ রুম থেকে বেরিয়ে যান। আমি তাকে বলি আমাকে এ রুম কর্তৃপক্ষ দিয়েছে। তারপরও তিনি (দোলা) আমাকে বলেন, আমি কর্তৃপক্ষটক্ষ বুঝি না, আমি বলেছি আপনি রুম থেকে বেরিয়ে যাবেন। আমি রুম থেকে না বেরুলে তিনি উল্টো ছিটকিনি আটকে রুম বন্ধ করে দেন। পরে রেজিস্ট্রার দপ্তরের লোকজন দরজা খুলে আমাকে মুক্ত করেন।’

সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা জানান, সদ্য বিদায়ী উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী ওই কক্ষটি তাকে বরাদ্দ দেওয়ার কথা ছিল। মাতৃত্বকালীন ছুটিতে থাকা এবং মায়ের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কারণে তিনি কক্ষটি নিতে পারেননি। কক্ষটি সহকারী রেজিস্ট্রারকে দেওয়া হয়। রবিবার সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে সহকারী রেজিস্ট্রারকে কক্ষ থেকে বের হতে বলেন। উপাচার্যের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তাকে ডেকেছিলেন। কিন্তু তিনি কক্ষ থেকে বের না হওয়ায় রেগে তিনি ছিটকিনি দিয়ে দেন।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়ার মোবাইল ফোনে কল করা হলেও সাড়া মেলেনি।