বঙ্গোপসাগরে জেলের জালে সেইল ও ব্লাক মার্লিন ফিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে গভীর সাগরের দ্রুতগামী মাছ সেইল ফিশ ও ব্লাক মার্লিন ফিশ।

আনোয়ার হোসেন মাঝি ও হারুন মাঝি জালে বিশালাকৃতির এ মাছ দুটি ধরা পড়েছে। ৫০ কেজি ওজনের সেইল ফিশটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ১ ফুট এবং ২০০ কেজি ওজনের ব্লাক মার্লিন ফিশটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট।

শনিবার রাতে বঙ্গোপসাগরের ৭০ বাম এলাকায় এবং রবিবার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকা থেকে মাছ দুটি ধরা হয়েছে।

আজ (সোমবার) সকাল সাড়ে নয়টায় আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে মাছ দুটি এনে বিক্রি করা হয়।

স্থানীয় বাজারে চাহিদা না থাকায় কাসেম বেপারী ৭ হাজার টাকায় সেইল ফিশ এবং জামাল হোসেন ১৫ হাজার টাকায় ব্লাক মার্লিন মাছ কিনে নেয়। ঢাকার বাজারে বিক্রির জন্য এ মাছ দুটি ক্রয় করেছেন বলে জানান তারা।

এদিকে দৈত্যাকৃতির এ মাছ দুটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুতগতির ব্লাক মার্লিন ও সেইল ফিশ মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরে বেশি দেখা যায়। এ মাছ ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে চলে।