দুই মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আগত মুসল্লিদের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি এক বিবৃতে শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ আহ্বান জানান। তিনি বলেন, ‘হারামাইন শরিফাইনের সম্মান ও মর্যাদা অবশ্যই রক্ষা করা উচিত। মসজিদ শুধু ইবাদতের জন্য। তা স্লোগান কিংবা প্ল্যাকার্ড তোলার জায়গা নয়। সেখানের ভিন্ন ধরনের স্লোগান তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এসব স্থানে আগত মুসল্লিরা শুধু ইবাদত-সংশ্লিষ্ট কার্যাবলি পালন করতে পারবেন। ইবাদতের আচার-অনুষ্ঠানের বাইরে অন্য কোনো কার্যক্রম এখানে করা যাবে না।’
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে এক ব্যক্তির আটকের খবর প্রকাশিত হয়। ওমরাহর ইহরাম পরিহিত ওই ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডে আরবি ও ইংরেজিতে লেখা ছিল, তিনি সদ্য প্রয়াত যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ওমরাহ পালন করছেন। এরপর সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওমরাহর নিয়ম লঙ্ঘন করায় ইয়েমেনের ওই নাগরিককে আটক করেছেন গ্র্যান্ড মসজিদের নিরাপত্তাকর্মীরা।
গিলাফ রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন
বছরের নির্দিষ্ট সময়ে চলে পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়া) রক্ষণাবেক্ষণের কাজ। এরই অংশ হিসেবে কাবাঘরের গিলাফ ও রুকনে ইয়ামানির চারপাশে এ কর্মসূচি পালন করেছে মসজিদে হারাম পরিচালনা বিভাগ। গত মঙ্গলবার পবিত্র কাবাঘরের কিসওয়া প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের পরিচালক ফয়সাল বিন সালিহ মাদানি এবং কিসওয়া কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল আমজাদ বিন আয়াদ আল হাজমির তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।
কাবাঘর রক্ষণাবেক্ষণের বিষয়ে আমজাদ বিন আয়াদ বলেন, ‘প্রতি বছর নির্দিষ্ট সময়ে পবিত্র কাবাঘরের গিলাফ ও এর চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হয়। এরই অংশ হিসেবে এবার রক্ষণাবেক্ষণের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কাবা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবায় শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক তৎপরতা বাড়াতে এবার পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মুসল্লিদের সেবা দিচ্ছেন মক্কার হিফজ শিক্ষার্থীরা। পবিত্র কাবাঘর প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধি ছড়ানো কর্মসূচি, মুসল্লিদের আতিথেয়তা দেওয়া, জট কমানোসহ বিভিন্ন ধরনের কাজ করছেন তারা। গত বুধবার মক্কার হামজা আল কুফি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের কাবা প্রাঙ্গণে অভ্যর্থনা জানায় স্বেচ্ছাসেবা সমন্বয় বিভাগের পরিচালক আদিল রাজাউল্লাহ আল জুহানি।
জেনারেল প্রেসিডেন্সির ওয়েবসাইট থেকে জানা যায়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কাবাঘর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হয়।
স্বেচ্ছাসেবা বিভাগের পরিচালক আদিল আল জুহানি বলেন, পবিত্র কাবা প্রাঙ্গণের মুসল্লিদের স্বেচ্ছাসেবায় অংশ নিয়েছেন হিফজ বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে তারা তাওয়াফ প্রাঙ্গণ ধৌতকরণ, জায়নামাজ পরিচ্ছন্নতা কর্মসূচি ও মুসল্লিদের বিভিন্ন সেবাকার্যক্রম পালন করেছেন। শিক্ষার্থীরা পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।