নারীদের হাত ধরেই ফিরুক ফুটবলের সোনালি অতীত

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালাতেই আন্তর্জাতিক ফুটবলে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

সেটা ১৯৯৯ সালে। আলফাজ আহমেদের গোলে ৪ অক্টোবরের ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল জুয়েল রানারা, সেই নেপালকে হারিয়েই আরেকটি প্রথম এলো বাংলাদেশের। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের অনুভূতিটা কেমন তা জানা আলফাজ আহমেদের। ১৯৯৯-এর সেই সাফল্যের পর ২০০৩-এ প্রথম সাফ চ্যাম্পিয়শিপ জয়েরও সারথী ছিলেন বাংলাদেশের অন্যতম এই সেরা স্ট্রাইকার। গতকাল নারীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলফাজ। বলেছেন, ‘মেয়েদের এই জয় সত্যিই প্রশংসার দাবি রাখে। এই জয়টা দেশের ক্রীড়াঙ্গনের বড় একটা অর্জন।’

বেশ কিছুদিন ধরেই জয় খরায় ভুগছে বাংলাদেশ। ক্রিকেট-ফুটবল সব জায়গাতেই হতাশার ছড়াছড়ি। ক্রীড়াপ্রেমীরা যখন হতাশায় হাবুডুবু খাচ্ছেন, তখনই অন্ধকার ভেদ করে আলোর ঝলক ছিটিয়ে দিলেন সাবিনারা। আলফাজ বলেন, ‘মেয়েদের এই অর্জন দেশের ফুটবলকে আরও গতিশীল করবে বলে আমি মনে করি। পাশাপাশি মেয়েদের ফুটবলের সুযোগ-সুবিধাও আগের চেয়ে বাড়বে বলে আশা করি। কারণ তারা আমাদের অনেকদিন পর বড় কোনো শিরোপা এনে দিয়েছে। দেশের ফুটবলে সোনালি অতীত ফিরে আসুক তাদের হাত ধরেই।’