ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শত্রুতা করে অর্ধশতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার মশাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আজহারুল ইসলাম মজনু (৫০) পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আজহারুল ইসলাম মজনু অভিযোগ করে বলেন, ‘স্থানীয় চা বিক্রেতা আনারের কাছ থেকে ২০১৩ সালে ১৪ শতাংশ জমি ক্রয় করি। জমিটিতে মাটি ফেলে উঁচু করি ও ফলদ গাছ রোপণ করি। জমি ক্রয়ের প্রায় ৮ বছর পর আমার চাচাতো ভাই-বোনেরা জমির মালিকানা দাবি করে। গত রবিবার রাতের আঁধারে তারা আমার জমির পেঁপে, কাঁঠাল, শজিনা ও কলাগাছসহ অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। অভিযোগ অস্বীকার করে চাচাতো ভাই মাহাবুল আলম লিটন বলেন, ‘আমরা ভাই-বোন মিলে ওই জমিতে ২ শতাংশ জমি পাই।’ পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’