জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় পাঁচ জঙ্গির ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল সোমবার শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আগামীকাল বুধবার ধার্য করেছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ। গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।
২০১৫ সালের ৩ অক্টোবর সকালে রংপুরের কাউনিয়ার আলুটারি এলাকায় কুনিও হোসিকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে বেরিয়ে আসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা এ হত্যাকা- ঘটায়। ২০১৬ সালের ৭ আগস্ট রংপুরের সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ১৫ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের একটি আদালত আলোচিত এ হত্যা মামলায় জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদন্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ রানা ওরফে মামুন, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব এবং সাখাওয়াত হোসেন। রায়ে আবু সাঈদ নামে একজন খালাস পান। দন্ডপ্রাপ্ত লিটন মিয়া পলাতক। রায়ের পর দন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা আসামিদের পক্ষে আপিল ও জেল আপিল হয়।