কুমিল্লার দাউদকান্দিতে চাকরির প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন: মিরাজুল ইসলাম মিরাজ (১৯), অপু (২৬) ও মোখলেছ(২৫)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম হুগুলিয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর মোবাইল ফোনের মাধ্যমে মিরাজের সাথে পরিচয় হয় ভিকটিমের। পরিচয়ের পরদিন রবিবার (১৮ সেপ্টেম্বর) ওই কিশোরীর সঙ্গে দেখা করে চাকরির বিষয়ে কথা বলেন। মিরাজের কথা মতো কিশোরী সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর দাউদকান্দি উপজেলার শহীদনগরে আসেন।
সেখান থেকে মিরাজ ওই কিশোরীকে সাথে নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পশ্চিম হুগলিয়া মারকাজ মসজিদ সড়কের একটি জঙ্গলে যায়। সেখানে মিরাজসহ তার পাঁচ বন্ধু মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। অপর এক জন তাদের পাহারায় ছিলেন বলে পুলিশ জানায়।
এক পর্যায়ে কিশোরী অচেতন হয়ে পরলে তাকে জঙ্গলে রেখে চলে যায় ধর্ষণকারীরা। পরে জনৈক পথচারী তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয়। ফোন পেয়ে মডেল থানার ওসি মো. আলমগীর ভূঞা মেয়েটিকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে একটু সুস্থ হলে কিশোরীর মুখে ধর্ষণের ঘটনা শুনে সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবালের নেতৃত্বে তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাতেই তিনজনকে আটক করা হয়।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল দেশ রূপান্তরকে বলেন, রাতে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।