মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙলেন শান্ত

টানা ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছিলেন নাজমুল হাসান শান্ত। তবে কোনো পারফর্ম না করেই ফিরেছেন জাতীয় দলে। সেটাও আবার বিশ্বকাপের মূল স্কোয়াডে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে বিপিএলের অতীত পারফরম্যান্স মূল্যায়ন করেই টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে তার ওপর। তবে আস্থার প্রতিদান দিতে প্রস্তুতির মঞ্চ নেটে ব্যাটিং সেশন। সেখানে ব্যাটে বলে হচ্ছিল না সংযোগ। তাই মেজাজ হারিয়ে ব্যাটের বাড়িতে স্টাম্প ভাঙলেন শান্ত।

গেল কয়েকদিন মিরপুরের অনুশীলনে শান্তকে দেখা যায়নি। তবে আরব আমিরাত যাওয়ার আগে আজ নিজেকে পরখ করতে হাজির হয়েছিলেন হোম অব ক্রিকেটে। ব্যাট হাতে সেন্টার উইকেটে এসে দাঁড়ান তিনি। এমনিতে নেটে ব্যাটিং প্রস্তুতিতে বরাবরই মুগ্ধতা ছড়ান শান্ত। কিন্তু এদিন নেটে চেনা শান্তকে যেন দেখা গেল অচেনা এক রূপে।

নেটে শান্তকে বল করছিলেন থ্রোয়াররা। তাদের ছোড়া বলের গতি সাধারণত একটু বেশিই থাকে। সেই থ্রো বুঝতে গড়মিল হয়ে বা হাতি এই প্রতিভাবান ব্যাটারের। বাউন্স হবে ভেবে একটু নিচু হয়েছিলেন। কিন্তু সেটা গিয়ে আঘাত করে তার ডান হাতে। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ব্যাট ফেলে দেন হাত থেকে। নেটের এক কোণে হেলে পড়ে ব্যথা কাটিয়ে উঠার চেষ্টা করছিলেন তিনি। এক পর্যায়ে উঠেও দাঁড়ান, কিন্তু সেরে না উঠায় ফের হেলে পড়েন।

কিছুক্ষণের চেষ্টায় সফল হয়ে শান্ত আবার প্রস্তুত হন বল মোকাবেলা করতে। থ্রোয়ারের ছোঁড়া হাফ বলি লেংথের বল এগিয়ে এসে কাভার ড্রাইভ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। ততক্ষণে মেজাজ হারিয়ে সেন্টার উইকেটের নেটে পুতে রাখা স্টাম্পে সজোরে ব্যাট দিয়ে আঘাত করেন। একটা স্টাম্প উড়ে গিয়ে পড়লো নেটের এক কোণে। নিজের ওপর ক্ষোভটা যেন অফ স্টাম্পের উপর ঝাড়লেন। পরে নিজেই স্টাম্প তুলে এনে পুতে রাখেন উইকেটে।

শান্ত অবশ্য পরের বলেই খেলেন দারুণ এক কাভার ড্রাইভ। তবে হাতের ব্যথা শারীরিক অভিব্যক্তিতেই ফুটে উঠে। তবে আগের বলে মেজাজ হারানোর কারণও ছিল। সেন্টার উইকেটে প্রস্তুতিতে নামার পর থেকেই ব্যাটে-বলে সংযোগ হচ্ছিল না তার। নেটে যার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও। সেই তিনি আজ যেন নিজেকেই খুঁজে বেড়াচ্ছিলেন। থ্রোয়ার থেকে নেট বোলার কারো বলেই মারতে পারেননি। মিস করেছেন বেশ কয়েকটি। যে কারণে ক্ষোভ ধরে রাখাটা কঠিন।

থ্রোয়ারের ছোড়া বলে শান্তর হাতের ব্যথাটা গুরুতর নয়। তাই বিশ্বকাপের আগে এ নিয়ে চোট শঙ্কার কোনো কারণ নেই।