হিমালয় কন্যাদের হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের ফুটবলারদের বিমানবন্দর থেকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার দুপুরে দেশে পৌঁছানোর বিমানবন্দরে রয়েছে নানান আয়োজন। পাশাপাশি ছাদ খোলা বাসে করে শোভাযাত্রা করে তাদের নেওয়া হবে বাফুফে ভবনে।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেয়েদের বরণ করে নেওয়ার পুরো পরিকল্পনা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে ইতিহাস রচনা করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে সাবিনা খাতুনের দল। মঙ্গলবার কাঠমান্ডুতেই বাংলাদেশ হাইকমিশনে তাদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। বুধবার বেলা ১টা ৫০ মিনিটে নারী ফুটবলারা নামবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বাফুফে ভবন পর্যন্ত তাদের যাত্রাপথ থাকছে রঙিন।
মঙ্গলবার বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলন করে সোহাগ জানান ক্রীড়া মন্ত্রনালয়ের সঙ্গে মিলে তারা এই আয়োজন করতে যাচ্ছেন, ‘আগামীকাল মেয়েদের সংবর্ধনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হবে। দলটি বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে। সেখানে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি থাকবেন বাফুফে ভবনে। এছাড়া সচিব সাহেব বিমানবন্দরে থাকবেন, বাফুফের আমাদের সিনিয়র কর্মকর্তারাও থাকবেন। অবশ্যই আপনারাও থাকবেন। সেখানে আমাদের মেয়েদেরকে বরণ করে নিব আমরা।'
তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভায় সিভিল এভিয়েশন ও এয়ারপোর্টের কর্মকর্তারা ছিলেন। আমাদের মেয়েরা ভিআইপি দিয়ে বের হবে। সেখানে আমরা ফুল দিয়ে বরণ করব তাদের, মিষ্টি মুখ করাব। সেখানে ছোট একটা সংবাদ সম্মেলন হবে।’
ছাদ খোলা বাস, থাকবে মিউজিক
ইতোমধ্যে বিটিআরসি একটি দোতলা বাসের ছাদ খোলে মেয়েদের জন্য প্রস্তুত করছে। সেই বাসটিতে লাগানো হচ্ছে চ্যাম্পিয়ন লেখা স্টিকার। সোহাগ জানান সাউন্ড সিস্টেমসহ সব আয়োজনই থাকছে, ‘আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে ছাদ খোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে রওয়ানা হবে। ইতোমধ্যে বাসের ব্র্যান্ডিয়ের কাজ চলছে। বাসের মধ্যে আমরা সাউন্ড সিস্টেম রাখব, ফুটবল সম্পর্কিত বিষয়গুলো এতে প্রাধান্য পাবে। এভাবে তারা বাফুফে ভবনে আসবেন।’