মোবাইল নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় ওই গ্রামের ইউনুস ম-লের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যান একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের দাবি করেন। এ নিয়ে ওই দিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এরই জের ধরে গতকাল সকালে আবারও উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।