মাগুরায় খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবি

২০০ বছরের প্রাচীন খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সদর উপজেলার মঘী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আড়–য়াকান্দি গ্রামের কিশোর ও যুবকরা।

গতকাল মঙ্গলবার সকালে শহরে চৌরঙ্গীর মোড় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার ছাত্র, যুবক ও সাবেক খেলোয়াড়রা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই এলাকার কৃতী ফুটবল খেলোয়াড় আরব আলী, আশিকুল ইসলাম, মহসিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি খাসজমির ওপর ২০০ বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী মাঠটিতে বংশ পরম্পরায় খেলাধুলা করে আসছে স্থানীয়দের সন্তানরা। এ মাঠ থেকে অনুশীলন করে অনেক খেলোয়াড় জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সম্প্রতি মাঠের আশপাশের বেশ কিছু প্রভাবশালী পরিবার মাঠের পাশে দোকান বসিয়ে ও পুকুর খনন করেছে। ফলে মাঠটি সংকুচিত হয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় মাঠটি এখন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

মানববন্ধন শেষে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় অন্তত ২০০ ব্যক্তির স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদত হোসেন মাসুদের কাছে হস্তান্তর করেন।