সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রি। তবে সেখানে পৌর মেয়র তোফাজ্জল হোসেনের ছবিযুক্ত কার্ড ছাড়া পণ্য বিক্রি না করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বাঞ্ছারামপুর পৌরশহরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়। সেখানে পণ্য কিনতে আসা অনেকেরই হাতে পৌর মেয়র তোফাজ্জল হোসেনের ছবিযুক্ত কার্ড দেখা যায়।
টিসিবির পণ্য নিতে আসা আমেনা খাতুন দেশ রূপান্তরকে বলেন, ‘মেয়রের ছবি ছাড়া কার্ড নিয়ে আসলে পণ্য দেওয়া হয় না। তাই তার ছবিসহ কার্ড নিয়ে আসছি।’
টিসিবির পণ্য কিনতে আসা বাঞ্ছারামপুর গ্রামের আল আমিন মেম্বার বলেন, ‘এই কার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেওয়া উচিত ছিল। কেননা এটি সম্পূর্ণ সরকারি সংস্থা থেকে আসে। বাঞ্ছারামপুরে বাকি ১৩টি ইউনিয়নে কোথাও ছবিসহ এমন কার্ড দেওয়া হয় নাই।’
এ ব্যাপারে জানতে চাইলে বাঞ্ছারামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজ বাদশা বলেন, ‘টিসিবির কার্ড আমাকে দিয়েছে। তা আমি যারা কার্ড পাবে তাদের কাছে পৌঁছে দিয়েছে মাত্র।’
টিসিবির পণ্য কেনার জন্য সুবিধাভোগীদের মধ্যে নিজের ছবিযুক্ত কার্ড বিতরণের বিষয়ে বক্তব্য জানতে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে গতকাল কল করা হলে বৈঠকে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ প্রসঙ্গে বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, ‘টিসিবির পণ্যের কার্ডে কোনো জনপ্রতিনিধি তাদের ছবি ব্যবহার করতে পারবেন না। আমি বিষয়টি দেখবে।’