নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিলো বিসিবি

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর জিতে হিমালয়ে ফুটবলের ফুল ফুটানো বাংলাদেশ ফুটবল দলকে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিহাস গড়া এই মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি জানানো হয়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আজ দুপুর ১ টা ৫০ মিনিটে তারা দেশে ফিরলে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।